ঘুষের তথ্য জানাতে হটলাইন ব্যবহার ও সার্ভিলেন্স ক্যামেরায় অপরাধ নজরদারির আহ্বান

২১ জানুয়ারি, ২০২৪ ১৫:১৭  

নিজ নির্বাচনী এলকার গুরুত্বপূর্ণ স্থানে সার্ভিলেন্স ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নজরদারির আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নাটোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সৃষ্টি থেকেই অপরাধ রয়েছে, আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে অপরাধ দমন করা, অপরাধচক্রকে নির্মুল করা এবং অপরাধের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা যদি এই প্রক্রিয়াটাকে তিনটা ভাগে বিভক্ত করি- প্রথমত, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ব্যক্তি, প্রতিষ্ঠান ও পারিবারিক পর্যায়ে মাদকবিরোধী একটা সচেতনতা কর্মসূচি গ্রহণ করলে আমাদের শিশু-কিশোররা মাদকের কুফল সম্পর্কে জেনে বড় হবে এবং তা উৎসেই নির্মূল করা যাবে; দ্বিতীয়ত, অপরাধ প্রতিরোধ করা, যেমন- শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আমরা ক্লোজ সার্কিট ক্যামেরাসহ নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা এবং তৃতীয়ত, অপরাধ সংঘটিত হলে প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা।

এর আগে সকালে সিংড়ায় ডায়াবেটিক সমিতির চক্ষু ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে সিংড়ায় কেউ ঘুষ চাইলে ০৯৬১০০০০২২২ নম্বরে ফোন করে অভিযোগ করতে তাগিদ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারি বা যে কোনো সেবা পাওয়া হচ্ছে মানুষের অধিকার। আর এজন্য যদি কেউ আপনাদের কাছে ঘুষ বা টাকা দাবি করে, এক টাকাও দেবেন না। 

এসময় তিনি আরো বলেন, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এ পাঁচটি মৌলিক চাহিদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। ৫২ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ পাঁচটি মৌলিক চাহিদা চিহ্নিত করে গেছেন। আজ সারাবিশ্বের সব নেতা এটা মেনে নিয়েছেন। কারো যদি টাকা নাও থাকে রাষ্ট্রকে এ পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিংড়ায় ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।